25 C
Munich
Wednesday, June 17, 2026

শিক্ষার্থী হয়রানির অভিযোগে আজমেরী গ্লোরি পরিবহনের ২০টির বেশি বাস আটক, লিখিত মুচলেকার পর অবরোধ প্রত্যাহার

Must read

  • আরমান খাঁন ছামির, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে বাসে উঠতে বাধা দেওয়া ও অসদাচরণের অভিযোগকে কেন্দ্র করে আজমেরী গ্লোরি পরিবহনের ২০টিরও বেশি বাস আটক করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে পরিবহন কর্তৃপক্ষের লিখিত ক্ষমা প্রার্থনা, ভবিষ্যতে শিক্ষার্থীবান্ধব আচরণের অঙ্গীকার এবং ২৪ ঘণ্টা হাফ-পাস সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতির পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

সোমবার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী এক শিক্ষার্থী অভিযোগ করেন, তার পাইথন প্রোগ্রামিং বিষয়ের পরীক্ষা থাকায় সকালে রায়েরবাগ থেকে রওনা হয়ে গুলিস্তানে দীর্ঘ সময় অপেক্ষা করেও আজমেরী গ্লোরি পরিবহনের বাসে উঠতে পারেননি। তিনি দাবি করেন, ক্যাম্পাসে যাওয়ার অনুরোধ জানালে পরিবহনের কর্মীরা তাকে বাসে নিতে অস্বীকৃতি জানান এবং ধাক্কা দিয়ে নামিয়ে দেন। পরে তিনি অতিরিক্ত ভাড়া দিয়ে মোটরসাইকেলে করে ক্যাম্পাসে পৌঁছান।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গণপরিবহনে হাফ ভাড়া, পরিচয়পত্র প্রদর্শন এবং যাতায়াতের সময় বিভিন্ন ধরনের হয়রানি ও অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হতে হচ্ছে।

প্রতিবাদস্বরূপ শিক্ষার্থীরা আজমেরী গ্লোরি পরিবহনের প্রায় ২০টিরও বেশি বাস ক্যাম্পাসে আটকে রাখেন। পরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজমেরী বাস মালিক সমিতির প্রতিনিধিরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে উপস্থিত হন।

ইনস্টিটিউটের অধ্যক্ষ, শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে পরিবহন মালিক পক্ষ তাদের কর্মীদের আচরণের বিষয়ে দুঃখ প্রকাশ করে। তারা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এই ঘটনায় পরিবহন মালিকদের একজন বলেন, শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর রাখতে পরিবহন মালিকরা বাধ্য এবং তারা এ নিয়মের বিরোধী নন। তবে অনেক ক্ষেত্রে পরিচয়পত্র প্রদর্শন না করা, ভাড়া নিয়ে তর্ক-বিতর্ক, গালাগালি কিংবা চালক-হেলপারদের সঙ্গে অসদাচরণের ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে ভদ্রভাবে কথা বললে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা হাফ ভাড়া নিতে বাধ্য এবং শিক্ষার্থীদের সেই সুবিধা দিতে চাই। কিন্তু একজনের ভুলের জন্য সব গাড়ি আটকে দিলে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা ভোগান্তিতে পড়ে।”

শিক্ষার্থীরা অবশ্য দাবি করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন রুটে পলিটেকনিক শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে বিতর্ক, বাসে না তোলা, অপমানজনক মন্তব্য এবং অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হতে হচ্ছে।

শিক্ষার্থীদের ভাষ্য, তারা কোনো পরিবহনকর্মীর জীবিকা ব্যাহত করতে চান না; বরং গণপরিবহনে শিক্ষার্থীদের আইনি অধিকার ও সম্মানজনক আচরণ নিশ্চিত করাই ছিল তাদের মূল দাবি। তারা বলেন, একজন পরীক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার অভিযোগের পরও যদি প্রতিবাদ না করা হয়, তাহলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে।

পরিস্থিতির একপর্যায়ে আজমেরী গ্লোরি পরিবহন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে লিখিতভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে। মুচলেকায় ভবিষ্যতে কোনো শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ না করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা হাফ-পাস সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়।

পরিবহন কর্তৃপক্ষের এই লিখিত প্রতিশ্রুতি, ক্ষমা প্রার্থনা এবং প্রশাসনের মধ্যস্থতার পর শিক্ষার্থীরা আটককৃত বাসগুলো ছেড়ে দেন।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত হবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article