- মিরপুর প্রতিনিধি:
রাজধানীর মিরপুরের কালশী ‘বস্তিতে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঘটনাস্থল থেকে তথ্য ও চিত্র পাঠিয়েছেন ক্যামেরা এমডি কাওসার।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটের দিকে বস্তির একটি ঘর থেকে হঠাৎ আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশের কাঁচা ও আধাপাকা ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, আগুনের তীব্রতা বেশি হওয়ায় এবং চারদিকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। ঘিঞ্জি পরিবেশের কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় জনতাও উদ্ধারকাজে সহায়তা করছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। নতুন তথ্য পাওয়া মাত্রই তা আপডেট করা হবে।
