টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নে নবজাতক শিশুদের নামে বৃক্ষরোপণের একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন সমাজসেবক হাবিব নিশো। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি এ কর্মসূচি শুরু করেছেন।
উদ্যোগ অনুযায়ী, আউশনারা ইউনিয়নের যেসব পরিবারে নবজাতক শিশুর জন্ম হবে, সেই শিশুর নামে দুটি চারা গাছ উপহার দেওয়া হবে। শুধু গাছ উপহার দেওয়াই নয়, শিশুর নামে গাছ দুটি সংশ্লিষ্ট পরিবারের বাড়িতে নিজ হাতে রোপণ করেও দেওয়া হবে। এর মাধ্যমে একটি শিশুর জন্মের আনন্দের সঙ্গে পরিবেশ রক্ষার বার্তাও ছড়িয়ে দেওয়া হবে।
উদ্যোক্তা হাবিব নিশো জানান, একটি শিশু যেমন একটি পরিবারের ভবিষ্যৎ, তেমনি একটি গাছ একটি সমাজ ও দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তাই নবজাতকের জন্মকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন।

- সবুজ হোক আগামী: “একটি শিশুর জন্ম, দুটি গাছের রোপণ”—এই স্লোগানকে সামনে রেখে আউশনারা ইউনিয়নে চলছে নবজাতকদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি, যা পরিবেশ রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত। ছবি: কালের প্রতিধ্বনি
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব নিশো শুধু এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নন। তিনি দীর্ঘদিন ধরে আউশনারা ইউনিয়নের বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। এলাকার বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ, সচেতনতামূলক কার্যক্রম এবং সমাজ উন্নয়নমূলক কাজে তাঁর অংশগ্রহণ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।
এ কর্মসূচির আওতায় সুবিধা পেতে নবজাতক শিশুর বয়স ৪০ দিনের কম হতে হবে এবং নামকরণ সম্পন্ন হওয়ার পরপরই যোগাযোগ করতে হবে। পরিবারের সদস্য কিংবা আশপাশের যেকোনো ব্যক্তি নবজাতকের তথ্য জানাতে পারবেন।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, একটি শিশুর নামে গাছ রোপণের মাধ্যমে যেমন পরিবেশ উপকৃত হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এটি একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে।
যোগাযোগ: ০১৩০৪৯৯৪৪১০
“একটি শিশুর জন্ম, দুটি গাছের রোপণ—সবুজ হোক আউশনারা, সবুজ হোক আগামী প্রজন্মের ভবিষ্যৎ।”