নিজস্ব প্রতিবেদক | কালের প্রতিধ্বনি
পবিত্র মক্কা মোকাররমায় বাংলাদেশ খেলাফত মজলিস মক্কা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক হজ্জ সমাবেশ। গত ৩ জুন (বুধবার) আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। অনুষ্ঠানে তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশে সভাপতির দায়িত্ব পালন করেন মক্কা শাখা সভাপতি জনাব হারুনুর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, ২০১৩ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে প্রতিরোধের ভিত রচিত হয়েছিল, তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান জনগণের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা নিজের জীবন ও জীবিকার ঝুঁকি নিয়ে যেভাবে এই গণঅভ্যুত্থানের পাশে দাঁড়িয়েছিলেন, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এখন জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নই আমাদের প্রধান দাবি।
গণভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে দুটি নির্বাচন হয়েছে—একটি জাতীয় নির্বাচন এবং অন্যটি গণভোট। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের চতুর্থ গণভোট। যেখানে দেশের প্রায় সব রাজনৈতিক শক্তি ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, ক্ষমতাসীনরা জনগণের সেই রায় বাস্তবায়নে কালক্ষেপণ করছে।
তিনি আরও যোগ করেন, জনগণের এই রায় বাস্তবায়নের দাবিতে সবার আগে রাজপথে নেমেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক গণসমাবেশ থেকে আমরা দেশব্যাপী যে কর্মসূচির ডাক দিয়েছি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।
উক্ত সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নাসিরউদ্দিন মুনিরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
