Home News Politics বাঁশখালীতে পূরণ হচ্ছে আরেকটি নির্বাচনী ইশতেহার।

বাঁশখালীতে পূরণ হচ্ছে আরেকটি নির্বাচনী ইশতেহার।

চট্টগ্রামের বাঁশখালীতে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ ছিল চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার। দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই সেই অঙ্গীকার বাস্তবায়নের ঘোষণা আসায় বাঁশখালীবাসীর মাঝে আনন্দ ও স্বস্তির সঞ্চার হয়েছে।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের আগেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টার নিকট বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য লিখিত আবেদন করেছিলেন। সেই সময় থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সটির শয্যা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।

দীর্ঘদিন ধরে জনবহুল এই উপজেলায় স্বাস্থ্যসেবার চাহিদা বৃদ্ধি পেলেও শয্যা সংখ্যা ছিল সীমিত। ১০০ শয্যায় উন্নীত হওয়ার ফলে রোগীরা আরও উন্নত ও বিস্তৃত চিকিৎসাসেবা পাবেন। পাশাপাশি চিকিৎসা ব্যবস্থার ওপর বিদ্যমান চাপও অনেকাংশে কমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাঁশখালীবাসীর বহুল প্রত্যাশিত এই সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। স্থানীয়দের আশা, দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও জনবল নিয়োগ সম্পন্ন করে ১০০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম চালু করা হবে।

বাঁশখালীর স্বাস্থ্যখাতে এটি একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে, যা উপজেলার লাখো মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version