- নিজস্ব প্রতিবেদক, বালাগঞ্জ (সিলেট)
সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক বলেছেন, “আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।” অপরাধীদের সংশোধন হওয়ার আহ্বান জানিয়ে কালের প্রতিধ্বনিকে তিনি জানান, “অবিলম্বে অপরাধ ছেড়ে দিন, অন্যথায় এলাকা ছাড়ুন।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে শুক্রবার (০৫ জুন) বিকেলে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কলুমা গ্রামে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট বিএডিসির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তিনি হাওরপাড়ে নবনির্মিত সড়কে ৩১০টি কৃষ্ণচূঁড়া গাছের চারা রোপণ করেন।
এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে এমপি এম এ মালিক কালের প্রতিধ্বনিকে আরও জানান, “মোরারবাজার-জনকল্যাণ সড়ক প্রশস্তকরণ এবং কলমপুর পর্যন্ত নতুন সড়ক নির্মাণসহ এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করা হবে।”
সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজকর্মী রোটারিয়ান সাহিদুল হক সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, সিলেট বিএডিসির (সেচ) উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান এবং যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহ আখতার হোসেন টুটুল।
দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু ও যুবদল নেতা বুরহান আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এএসএম আনোয়ারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদি, বিভিন্ন দেশের প্রবাসী বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সবশেষে, পরিবেশ রক্ষায় এমন বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে আয়োজকরা কালের প্রতিধ্বনিকে বলেন, নিয়মিত জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তারা আগামীতেও এলাকার উন্নয়নে সক্রিয় থাকবেন।
