Home অপরাধ লালমনিরহাটে বেপরোয়া চাঁদাবাজি, চালককে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে বেপরোয়া চাঁদাবাজি, চালককে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

চাঁদাবাজির প্রতিবাদে লালমনিরহাটের বাউরা এলাকায় মহাসড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ। ছবি: সোহাগ হোসেন শান্ত
চাঁদাবাজির প্রতিবাদে লালমনিরহাটের বাউরা এলাকায় মহাসড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ। ছবি: সোহাগ হোসেন শান্ত
  • লালমনিরহাট প্রতিনিধি | সোহাগ হোসেন শান্ত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সড়কে বেপরোয়া চাঁদাবাজি এবং চাঁদার টাকা না দেওয়ায় এক ট্রাকচালককে মারধরের প্রতিবাদে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ চালকরা। আজ বৃহস্পতিবার (১১ জুন) পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ জানান তারা।

স্থানীয় ও ভুক্তভোগী চালকদের সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকার রাস্তার মোড়ে চেয়ার-টেবিল বসিয়ে প্রকাশ্যেই দূরপাল্লার ট্রাক ও পণ্যবাহী যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে। মহাসড়কের এসব পয়েন্টে প্রতি ট্রাক থেকে নিয়মবহির্ভূতভাবে ২০০ থেকে ৩০০ টাকা করে চাঁদা দাবি করা হয়।

এরই ধারাবাহিকতায় গত দুদিন আগে হাতীবান্ধার সানিয়াজান এলাকায় চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে এক ট্রাকচালককে নির্মমভাবে মারধর করে গুরুতর জখম করে চাঁদাবাজরা। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ট্রাকচালকরা অভিযোগ করে বলেন:

হাতীবান্ধার সানিয়াজানসহ বিভিন্ন মোড়ে প্রতিনিয়ত গাড়ি প্রতি ৩০০ টাকা করে চাঁদাবাজি করা হচ্ছে। অথচ এই বিষয়ে প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। আমাদের চালক ভাইয়ের ওপর অন্যায়ভাবে হামলা করা হয়েছে। আমরা এর বিচার চাই।

এদিকে চালককে মারধর ও চলমান চাঁদাবাজির প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িত চাঁদাবাজদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে পাটগ্রামের বাউরা এলাকায় মহাসড়ক অবরোধ করেন চালকরা। অবরোধের কারণে সড়কের দুপাশে শত শত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। চালকদের স্পষ্ট দাবি—অবিলম্বে এই মহাসড়ক চাঁদাবাজমুক্ত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version